শিরোনাম
পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ।

ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

রাতের নীরবতা ভেঙে জ্বলছে আগুনের শিখা। চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে স্কাউট সদস্যরা। কারও পরিবেশনায় নৃত্য, কারও কণ্ঠে গান, আবার কেউ নাটকের মাধ্যমে তুলে ধরছেন প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা। এমন আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ।

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানের ক্যাম্প ফায়ার উদ্বোধন করেন প্রধান অতিথি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির।

অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, পঞ্চগড় জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন এবং উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম।

এ সময় পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই স্থানে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি ফাহমিদা সুলতানা। পুরো আয়োজন সঞ্চালনা করেন ইউনিট লিডার পপি আক্তার।

সমাবেশে উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার এবং ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান অংশ নেন।

পাঁচ দিনের আয়োজনজুড়ে স্কাউট সদস্যদের জন্য ছিল বিভিন্ন চ্যালেঞ্জ ও দক্ষতাভিত্তিক কার্যক্রম। এর পাশাপাশি আয়োজন করা হয় নানা ধরনের গ্রামীণ খেলাধুলার। এসব খেলাধুলায় অংশগ্রহণকারীদের মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম।

সমাপনী রাতের ক্যাম্প ফায়ার পর্বে অংশ নেওয়া দলগুলো নিজেদের বৈচিত্র্যময় পরিবেশনা দিয়ে মুখর করে তোলে পুরো সমাবেশস্থল। পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের স্কাউট দল জুলু সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করে। গলেহাহাট ফাযিল মাদরাসার স্কাউটরা মঞ্চস্থ করে প্রকৃতি ও পরিবেশবিষয়ক নাটক ‘পশুর বয়ান’।

হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কাউটরা ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের সদস্যরা পরিবেশন করে পুতুলনাচ। দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের স্কাউট গ্রুপ ‘এক আকাশের তারা’ গানে নৃত্য পরিবেশন করে। নুরুন আলা নুর কামিল মাদরাসার স্কাউট দল পরিবেশন করে হামদ।

সাংস্কৃতিক পর্বের শুরুতেই ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে আমলাহার বালিকা উচ্চবিদ্যালয়ের স্কাউট দলের নৃত্যশিল্পীরা।

আগুনের আলো, গান-নৃত্য আর বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে শেষ হওয়া এ ক্যাম্প ফায়ার হয়ে ওঠে পাঁচ দিনের স্কাউট সমাবেশের অন্যতম আকর্ষণীয় পর্ব।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর