শিরোনাম

পাহাড়ের সব সম্প্রদায়কে নিয়ে মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাহাড়ের সব সম্প্রদায়কে নিয়ে মহালছড়িতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাহাড়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে শুরু হয়েছে ‘সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মহালছড়ি জোন এলাকায় আয়োজিত এ টুর্নামেন্টে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

রোববার (৬ সেপ্টেম্বর) মহালছড়ি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসির আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাস্রা থোয়াই মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজারসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলোয়াড়দের হাতে গাছের চারা

টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ছিল পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশগ্রহণকারী ১৬টি দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারদের হাতে উপহার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়।

খেলার মাঠ থেকে পরিবেশ সংরক্ষণের এমন বার্তা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে তরুণদের খেলাধুলার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করা হচ্ছে।

পাহাড়ি সংস্কৃতির বর্ণিল পরিবেশনা

উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির খুদে শিল্পীরা পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে নৃত্য পরিবেশন করেন। প্রাণবন্ত এ পরিবেশনায় অনুষ্ঠান আরও বর্ণিল হয়ে ওঠে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়; খেলাধুলার মাধ্যমে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের একত্রিত করা এবং পারস্পরিক বন্ধন, আস্থা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা।

১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে মহালছড়ির ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আয়োজনটি পাহাড়ের সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছে।

উদ্বোধনী ম্যাচে মানিকছড়ি মুসলিমপাড়া স্পোর্টিং ক্লাবের জয়

উদ্বোধনী ম্যাচে মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিমপাড়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় মহালছড়ি সদর ইউনিয়নের মূড়াপাড়া একতা ক্লাব। নির্ধারিত সময়ের খেলায় মূড়াপাড়া একতা ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয় পায় মানিকছড়ি মুসলিমপাড়া স্পোর্টিং ক্লাব।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে। এর মাধ্যমে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর