শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীজুড়ে ডিএমপির কড়া নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীজুড়ে ডিএমপির কড়া নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে মহানগরের বিভিন্ন স্থানে পিকেটিং ও চেকপোস্ট ডিউটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। রাজধানীর সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া যেখানে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএমপি আরও জানায়, সব অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

এ ছাড়া সাদা পোশাকে সিটিএসবি ও আইএডি ইউনিটের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব ও সিআইডিও রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সরাসরি মাঠে দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর