জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে তাঁকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত উপাচার্য তাঁর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন। গবেষণায় অর্থায়ন বাড়ানো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও গৌরব পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদ দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।