মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (কলেজ) সাদাকাত হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
গত ১৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে মাউশির ঢাকা কার্যালয়ে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন ও বেতনক্রমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাদাকাত হোসেন রংপুর আঞ্চলিক কার্যালয়ে সহকারী পরিচালক (কলেজ) পদে কর্মরত ছিলেন। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজ পিডিএসে (পারসোনাল ডাটা শিট) লগইন করে অবমুক্তি ও যোগদান-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।