শিরোনাম

শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

শ্রীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ করে সড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পর তারা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে থাকেন।

এ ছাড়া শ্রীপুর পৌর শহরের শ্রীপুর চৌরাস্তায় শ্রমিকরা তাণ্ডব চালান। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীরা শ্রমিকদের বাধা দেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে হাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এ সময় শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে অবস্থান নেন।

পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর