সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম। বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন বাবু, রবিন আহমেদ সামান, মো. সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে আদালতের দেওয়া রায় কার্যকর করতে হবে। দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।