শিরোনাম

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ৯

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ৯

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের দাবি, জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বের গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় কোস্ট গার্ডের একটি জাহাজ। এ সময় সন্দেহজনক একটি বোটের গতিবিধি নজরে এলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা সেটিকে আটক করেন।

পরে বোটে তল্লাশি চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের ভাষ্য, সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় বোটে থাকা নয়জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. ফুরকান (৬০), আবদুস সৈয়দ নূর (৩২), তৌফিক ইসলাম (৩৪), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. ইকবাল হোসেন (৩৫), আবদুস শাহজাহান (৪৪), আলাউদ্দিন (৪৪), মো. আব্বাস (৪৭) ও মো. রফিক আহমেদ (৬০)। তাঁদের বাড়ি চট্টগ্রামের পটিয়া, কক্সবাজারের চকরিয়া ও লক্ষ্মীপুর এলাকায় বলে কোস্ট গার্ড জানিয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধ এবং দেশের গুরুত্বপূর্ণ পণ্য অবৈধভাবে বিদেশে পাচার ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর