চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত সাত বছরের শিশু ওয়াসিফাকে ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সরফভাটা এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে সিএনজি অটোরিকশায় তুলে শিশুটিকে অপহরণ করা হয়। পরে শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় রাকিব, ফয়সাল ও জাহাঙ্গীর নামে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ফয়সাল ভুক্তভোগী শিশুটির বাবার আপন মামাতো ভাই। তিনি পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিলেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।