শিরোনাম

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন, জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন, জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

বান্দরবানের স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। পরে তারা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন।

সোমবার (৩ আগস্ট) সকালে ‘ছাত্র-জনতা’র ব্যানারে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অনুযায়ী জেলার স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব জেলা পরিষদের ওপর ন্যস্ত হলেও বাস্তবে সিভিল সার্জন কার্যালয়ে নানা অনিয়ম, চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, দুর্গম এলাকার মানুষ চিকিৎসাসেবা না পেয়ে চরম দুর্ভোগে রয়েছে। চিকিৎসক ও নার্সের সংকট, অ্যাম্বুলেন্স ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাব, হাসপাতাল ব্যবস্থাপনার দুর্বলতা এবং জবাবদিহিতার অভাবে জেলার স্বাস্থ্যসেবার মান দিন দিন অবনতি হচ্ছে।

তারা স্বাস্থ্য বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সব শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি শেষে তারা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর