শিরোনাম

‘দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস’ চালু

‘দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস’ চালু
ফাইল ছবি

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবা পরিচালনার জন্য প্রাথমিকভাবে ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এ বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যাত্রীদের সুবিধার্থে ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি এবং বাস রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।

রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এসব বাস চলাচল করবে। নির্ধারিত গন্তব্যের মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব গন্তব্যে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চলাচল করবে। এতে পূজার ছুটিতে যাতায়াতকারী যাত্রীরা তুলনামূলক সহজে পরিবহনসেবা পাবেন বলে আশা করছে সংস্থাটি।

এ ছাড়া বিশেষ বাস সার্ভিসের আওতায় রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ ছয়টি স্থানে ৬০টি বাস প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানগুলো হলো মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনাল।

বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের চাহিদা বিবেচনায় বাসের সংখ্যা ও সেবার পরিধি বাড়ানো হতে পারে। দুর্গাপূজার সময়ে যাত্রীদের ভোগান্তি কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এ বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর