শিরোনাম

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এনবিআরের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এনবিআরের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
ফাইল ছবি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরিসংক্রান্ত বিধান অনুযায়ী, গ্রেপ্তারের দিন ১৬ অক্টোবর থেকে তাদের বরখাস্ত কার্যকর করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এনবিআরের সংশ্লিষ্ট দুটি কার্যালয় থেকে পৃথক অফিস আদেশ জারির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল, ঢাকার অধীন খুলনার জরিপ সার্কেল-১-এ কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জাহাঙ্গীর আলম এবং উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত অফিস সহায়ক মো. নুর মোহাম্মদ।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি-৩) তাদের গ্রেপ্তার করে। এ পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিসংক্রান্ত বিধান অনুসরণ করে ওই দিন থেকেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার কারওয়ান বাজারে এসআরবি-৩-এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এনবিআরের এই দুই কর্মচারীও রয়েছেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্যপদে নিয়োগের জন্য গত ১০ অক্টোবর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টার পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

ঘটনাটি সামনে আসার পর ছায়াতদন্ত শুরু করে এসআরবি-৩। তদন্তের অংশ হিসেবে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর