এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির সুযোগ পেলেও পরিবারের আর্থিক অসচ্ছলতায় অনিশ্চয়তায় পড়েছিল সুনীতা মারমার উচ্চশিক্ষার স্বপ্ন। ভর্তি ফি, বইপত্র ও প্রয়োজনীয় শিক্ষা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়লে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।
সুনীতার আর্থিক অসচ্ছলতার বিষয়টি জানতে পেরে উচ্চশিক্ষা অব্যাহত রাখতে তাকে কলেজে ভর্তি ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে মহালছড়ি জোন।
সুনীতা মারমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের কালা মারমার মেয়ে। চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহালছড়ি সরকারি কলেজে ভর্তির সুযোগ পান তিনি। তবে পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় কলেজে ভর্তি, বইপত্র কেনা ও অন্যান্য শিক্ষা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে তার পরিবার।
সেনাবাহিনীর সহায়তা পাওয়ায় সুনীতার কলেজে ভর্তি ও প্রাথমিক শিক্ষা ব্যয়ের বাধা অনেকটাই দূর হয়েছে। সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে যোগ্য ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা ও মানবিক সহায়তায় মহালছড়ি জোনের এমন উদ্যোগ স্থানীয়ভাবেও প্রশংসিত হয়েছে।