মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
এর আগে গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে হাসানুল হক ইনুকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে আদালত নির্দেশ দেন, পৃথক তিনটি সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে তাকে মোট ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের মতে, ওই সাজা অপর্যাপ্ত। এ কারণেই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করা হয়েছে। আপিলে উত্থাপিত যুক্তির ভিত্তিতে ইনুর সাজা বৃদ্ধি পাবে বলে আশা করছে প্রসিকিউশন।
মামলাটির তদন্ত শুরু হয় ২০২৫ সালের ২৫ মার্চ। একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। পরে ২৫ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। উভয় পক্ষের শুনানি শেষে ২ নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
এরপর গত বছরের ৩০ নভেম্বর সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। ১ ডিসেম্বর থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১০ জন সাক্ষী উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের হয়ে দুজন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।