ফরহাদ হোসেন আজাদ, প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়।
পঞ্চগড় প্রতিনিধি: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই বড় স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়াতে হাসপাতালভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকি থেকে সুরক্ষিত করা সম্ভব হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে একই স্থানে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।