আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত মেডিকেল কলেজের মূল নির্মাণকাজও শুরু হবে।
রোববার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপালের সহায়তায় আয়োজিত আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি জানান, নেপাল সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে এই আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এটি জেলার চোখের রোগীদের উন্নত চিকিৎসাসেবা পেতে সহায়ক হবে। ভবিষ্যতে জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের আই ক্যাম্পের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ইতোমধ্যে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে নতুন মেডিকেল কলেজ চালু হলে এ অঞ্চলের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস্টার প্রতিক কার্কি, মিস্টার পদ্ম নারায়ণ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।