শিরোনাম

আলোকসজ্জায় ঝলমল ফকিরহাটের পূজামণ্ডপ, মহানবমীতে উৎসবমুখর পরিবেশ

আলোকসজ্জায় ঝলমল ফকিরহাটের পূজামণ্ডপ, মহানবমীতে উৎসবমুখর পরিবেশ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। রঙিন আলোকসজ্জা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন পূজামণ্ডপ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তরপাড়া দোলখোলা সার্বজনীন পূজামন্দির ঘুরে দেখা যায়, আলোয় ঝলমল করছে পুরো মণ্ডপ। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরের সামনের অংশ লাল, সবুজ ও হলুদ বাতির মালায় সাজানো হয়েছে। দেবী দুর্গার প্রতিমা দর্শনে ভিড় করছেন বিভিন্ন বয়সী ভক্ত ও দর্শনার্থীরা।

মহানবমী উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠরা নতুন পোশাকে মণ্ডপে এসে দেবীর কাছে প্রার্থনা করছেন। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও অনেকে প্রতিমা দর্শনে আসছেন।

স্থানীয় চিকিৎসক সুমন কুমার মজুমদার বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, এটি সামাজিক মিলনেরও উৎসব। এবার সবাই মিলেমিশে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার আয়োজন করতে পেরেছি। মহানবমীতে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। সব ধর্মের মানুষের সহযোগিতায় উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।”

বিজিবি সদস্য শোভন কুমার মজুমদার বলেন, “দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকার উৎসবে অংশ নিতে পারা আনন্দের। অসুরের ওপর দেবীর বিজয় আমাদের শেখায়, অশুভ শক্তি যত বড়ই হোক, শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের জয় হয়। দেশে সব সময় সম্প্রীতি ও শান্তি বিরাজ করুক—এটাই প্রত্যাশা।”

মন্দির কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। এ কাজে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও পাওয়া যাচ্ছে।

আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর