শিরোনাম

সৈয়দপুরে চিপস কারখানায় ১ লাখ টাকা জরিমানা

সৈয়দপুরে চিপস কারখানায় ১ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ রং ব্যবহার ও খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি চিপস কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়া হিন্দুপাড়া এলাকায় মেসার্স নাওয়াজ হাসকিং মিলসের চাতালের ভেতরে থাকা চিপস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নীলফামারী জেলা কর্মকর্তা মো. সিহাব উদ্দিন, সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে কারখানাটিতে চিপস তৈরিতে নিষিদ্ধ রং ব্যবহার, ভালো চিপসের সঙ্গে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ এবং খোলা পরিবেশে চিপস শুকানোর প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পশুখাদ্যের সঙ্গে চিপস শুকানো ও সংরক্ষণ করার অনিয়মও ধরা পড়ে।

এসব অনিয়ম ও খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক নাসিম ওরফে ‘চিপস গুড্ডু’কে ১ লাখ টাকা জরিমানা করেন। পরে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি কমানো ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন বলেন, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর