শিরোনাম

উদয় বৃত্তি পরীক্ষায় ১১ কেন্দ্রে অংশ নিচ্ছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী

উদয় বৃত্তি পরীক্ষায় ১১ কেন্দ্রে অংশ নিচ্ছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী ও ফেনী জেলার ১১টি কেন্দ্রে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘উদয় বৃত্তি পরীক্ষা–২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় একযোগে শুরু হওয়া এ পরীক্ষাকে ঘিরে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‘স্বপ্ন দেখ বড়, এগিয়ে চল দৃঢ়’ স্লোগানকে সামনে রেখে উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা উপজেলার তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। মোট ১১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, আত্মবিশ্বাস ও বড় স্বপ্ন দেখার সাহস জাগিয়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, উদয় এইড ফাউন্ডেশনের কার্যক্রম শুধু বৃত্তি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের বিকাশে বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিক্ষার্থীরাও যেন নিজেদের যোগ্যতা ও প্রতিভা প্রকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে ভবিষ্যতে এসব কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকেরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পেয়ে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, মেধা ও যোগ্যতায় এগিয়ে নেওয়া সম্ভব হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর