শিরোনাম

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. মাহমুদুল হাসান সাকিল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত সাকিলের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে সাকিল তাকে নিয়ে যান। পরে শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে এবং টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়া বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে একই বছরের ১৯ মে পুলিশ টঙ্গীর দেউরা এলাকার ওই ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর