শিরোনাম
৮০টি স্বর্ণের বার উদ্ধার

বিমানকর্মীদের জুতায় ৯ কেজি স্বর্ণ, আটক ২

বিমানকর্মীদের জুতায় ৯ কেজি স্বর্ণ, আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর পরিহিত জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন সিআইআইডির কর্মকর্তারা। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীর চলাফেরা সন্দেহজনক মনে হলে রানওয়েতেই তাদের তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাঁদের পরিহিত জুতার ভেতরে বিশেষভাবে লুকানো স্বর্ণের বারগুলোর সন্ধান পান কর্মকর্তারা। পরে সেগুলো উদ্ধার করা হয়। সিআইআইডি সূত্র অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের বার ৮০টি। প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম করে। সব মিলিয়ে চালানটির ওজন দাঁড়ায় প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে বিমানবন্দর থেকে বের করে নেওয়ার এ পদ্ধতিকে চোরাচালানের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে স্বর্ণগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এর পেছনে কারা রয়েছে এবং ঢাকায় কার কাছে চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টরা ধারণা করছেন, একটি সংঘবদ্ধ চক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণের চালানটি দেশে আনার চেষ্টা করে থাকতে পারে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা জানতে আটক দুই বিমানকর্মীকে জিজ্ঞাসাবাদসহ তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা।

উদ্ধার হওয়া স্বর্ণের চালান ও এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর