নরসিংদীর বেলাবতে মাদক কারবারিদের সঙ্গে মাদক সেবনের সময় শামসুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে এ ঘটনা ঘটে।
আটক অন্য তিনজন হলেন—মাটিয়ালপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের আতস আলীর ছেলে রকি (২৮) এবং মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে পুলিশ কনস্টেবল শামসুল ইসলামসহ কয়েকজন মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাগানবাড়িটি ঘেরাও করে চারজনকে আটক করেন। পরে খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম বেলাব থানায় কর্মরত রয়েছেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে, এর আগে গত ২৭ এপ্রিল বেলাব উপজেলার খামারের চর এলাকা থেকে মো. জীবন মিয়া (২৮) নামে আরেক পুলিশ কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, বারৈচা বাজার থেকে মোটরসাইকেলে করে এক ব্যক্তি ইয়াবা নিয়ে খামারের চর এলাকায় যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল খামারের চর এলাকার এএনএম উচ্চ বিদ্যালয়সংলগ্ন জামে মসজিদের সামনে অবস্থান নেয়। পরে মোটরসাইকেল নিয়ে ওই ব্যক্তি সেখানে পৌঁছালে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জীবন মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং বেলাব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ছিলেন।