চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে জেটিআইটি ফাউন্ডেশন।
বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী ফাউন্ডেশনের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে তিনজন চিকিৎসক, দুইজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, একজন মেডিকেল টেকনোলজিস্ট ও দুইজন হোমিওপ্যাথিক চিকিৎসক অংশ নেন।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া রক্তের গ্রুপ, হেপাটাইটিস-বি (HBV) ও HIV পরীক্ষা, রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
আয়োজকদের দাবি, দিনব্যাপী এ ক্যাম্পে এক হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, পরীক্ষা ও ওষুধ পেয়েছেন।
স্থানীয়রা জানান, বন্যার পর অনেক মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
জেটিআইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সজল চন্দ্র এবং পরিচালক মো. মিরাজুল ইসলাম বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে প্রয়োজন অনুযায়ী মানুষের পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা বলেন, সমাজের বিত্তবান, সচেতন মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন সম্মিলিতভাবে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।