শিরোনাম

বৃত্তির তথ্য ও ব্যাংক হিসাব সংশোধনে মাউশির নতুন উদ্যোগ

বৃত্তির তথ্য ও ব্যাংক হিসাব সংশোধনে মাউশির নতুন উদ্যোগ

২০২৬-২৭ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তি ও সংশোধনের সুযোগ দিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে ব্যাংক হিসাবের তথ্যগত ত্রুটির কারণে বৃত্তির অর্থ না পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মাউশির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আগে এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদের তথ্যও নতুন করে এন্ট্রি করা যাবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বৃত্তির অর্থ পাঠানোর জন্য শিক্ষার্থীদের বৃত্তি ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে এন্ট্রি ও সংশোধন করতে হবে।

এ ছাড়া ব্যাংক হিসাবের তথ্য ভুল থাকার কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ ফেরত গেছে কিংবা হিসাবে জমা হয়নি, তাদের তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর ও হিসাব নম্বরের ভুল সংশোধন করতে হবে। পাশাপাশি একক বা যৌথ হিসাবসংক্রান্ত ত্রুটি এবং নিষ্ক্রিয় ব্যাংক হিসাবের সমস্যাও সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী নিষ্ক্রিয় হিসাব সচল করার ব্যবস্থাও করতে হবে।

চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তথ্য যাচাই করে পুনরায় সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য এন্ট্রি ও সংশোধনের ক্ষেত্রে মাউশির সংযুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তবে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক বৃত্তির এমআইএস সফটওয়্যারে বৃত্তিসংক্রান্ত তথ্য এন্ট্রি করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তথ্য এন্ট্রি বা সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।

নির্দেশনা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি কলেজ, স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মেডিকেল ও প্রকৌশল কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর