শিরোনাম

বেরোবির বাস এখন মোবাইলেই ট্র্যাক, কমবে অপেক্ষার সময়

বেরোবির বাস এখন মোবাইলেই ট্র্যাক, কমবে অপেক্ষার সময়

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চালু হয়েছে বাসের লাইভ লোকেশন ট্র্যাকিং সুবিধা। এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসের বর্তমান অবস্থান ও নির্ধারিত রুট দেখতে পারবেন শিক্ষার্থীরা। ফলে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা ও অনিশ্চয়তা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সুবিধা ব্যবহার করতে শিক্ষার্থীদের মোবাইলে গ্রামীণফোনের ALO App ইনস্টল করে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া Student User অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এরপর অ্যাপের Vehicle Tracking অপশনে গেলে চলাচলরত বাসগুলোর লাইভ লোকেশন ও নির্ধারিত রুট দেখা যাবে।

বাসের লাইভ লোকেশন দেখার সুবিধা চালু হওয়ায় পরিবহন ব্যবস্থায় ভোগান্তি কমবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “বাস ট্র্যাকিং সুবিধা চালু হওয়া শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সহজেই বাসের বর্তমান অবস্থান জানা যাবে। ফলে অপেক্ষার সময় ও অনিশ্চয়তা কমবে।”

গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, “বাসের অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময় সম্পর্কে ধারণা পাওয়া গেলে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে দূরবর্তী স্থান থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি কার্যকর হবে।”

তিনি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার অন্যান্য ক্ষেত্রেও প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানান।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, বাসের লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। দায়িত্ব নেওয়ার পর দাবিটি প্রশাসনের অনুমোদনের জন্য পাঠানো হয়। বিভিন্ন যাচাই-বাছাই শেষে সম্প্রতি কাজের অর্ডার দেওয়া হয়েছে এবং গ্রামীণফোন থেকে ট্র্যাকিং ডিভাইস নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা আইডি থাকবে। এর মাধ্যমে তারা বাসের অবস্থান দেখতে পারবেন। পরিবহন দপ্তর পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করবে।”

প্রযুক্তিনির্ভর এ সুবিধা চালুর ফলে বেরোবির শিক্ষার্থীদের বাসের জন্য অপেক্ষার সময় কমানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও সমন্বয় আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর