শিরোনাম
মিথ্যা দাবী পরিবারের

ভারতে চিকিৎসাধীন রোগী, তবুও বিএনপি নেত্রীর ওপর হামলা মামলার আসামি!

ভারতে চিকিৎসাধীন রোগী, তবুও বিএনপি নেত্রীর ওপর হামলা মামলার আসামি!

ভারতে চিকিৎসাধীন অবস্থায় থাকা রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দা সাজু সরকারের বিরুদ্ধে বিএনপির বহিষ্কৃত নেত্রী কাজল রেখার ওপর অতর্কিত হামলার অভিযোগে মামলা হয়েছে। গত ১৩ আগস্ট উত্তরখান থানায় দায়ের করা মামলাটির নম্বর ১০।

মামলাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাজু সরকারের পরিবারের অভিযোগ, ঘটনার সময় তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন। অথচ তাঁকে দেশে অবস্থান করে হামলা করার অভিযোগে মামলায় আসামি করা হয়েছে।

সাজু সরকারের স্ত্রী জানান, তাঁর স্বামী চিকিৎসার জন্য গত ১১ আগস্ট রাতে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা হন এবং ১২ আগস্ট সকালে কলকাতায় পৌঁছান। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় বাদীর বাড়ির মসজিদের সামনে হামলার যে অভিযোগ করা হয়েছে, সেটি বাস্তবসম্মত নয়।

সাজু সরকারের স্ত্রী ফাতেমা বলেন, “আমার স্বামী ১২ আগস্ট সকালে কলকাতায় পৌঁছেছেন। তিনি যখন ভারতে চিকিৎসাধীন, তখন কীভাবে একই দিন সন্ধ্যায় ঢাকায় এসে হামলা করলেন? আমরা মনে করি, ঘটনাটি সাজানো ও মিথ্যা।”

পরিবারের আরও অভিযোগ, এর আগেও কাজল রেখার রোষানলে পড়ে সাজু সরকার একটি মামলায় জেল খেটেছেন। এরপর থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি স্বজনদের।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কাজল রেখা বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে মামলার বাদী কাজল রেখার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

সাজু সরকারের পরিবারের দাবি, তাঁর ভারতে অবস্থানের বিষয়টি ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য নথির মাধ্যমে যাচাই করা সম্ভব। পাশাপাশি ঘটনার সময় ও স্থান নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা প্রয়োজন।

পরিবারের দাবি, ১৩ আগস্ট বিকেলে মামলার বাদী কাজল রেখাকে সাজু সরকারের বাড়ির সামনে দিয়ে চলাচল করতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এ ঘটনায় সাজু সরকারের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর