শিরোনাম
ক্ষতি সাড়ে ৩ লাখ টাকা

পূর্বশত্রুতার জেরে ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

পূর্বশত্রুতার জেরে ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

বাগেরহাটের ফকিরহাটে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর ২৫ কাঠা আয়তনের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ঘের ব্যবসায়ী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের ‘চর’ এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রাকিব মোড়ল (২৫) জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ২৫ কাঠা জমিতে মৎস্য ঘের করে বিভিন্ন প্রজাতির সাদা মাছ ও চিংড়ি চাষ করে আসছেন। প্রতিদিনের মতো রোববার রাত ১২টার দিকে ঘের দেখাশোনা ও মাছকে খাবার দিয়ে তিনি বাড়ি ফিরে যান।

সোমবার সকাল ৮টার দিকে ঘেরে গিয়ে তিনি পানির ওপর বিভিন্ন প্রজাতির মরা মাছ ভাসতে দেখেন। পরে পানিতে নেমে তীব্র বিষের গন্ধ পেয়ে তাঁর ধারণা হয়, ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে।

রাকিব মোড়ল অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করে। এতে তাঁর প্রায় ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও আশপাশের ঘেরমালিকেরা ঘটনাস্থলে গিয়ে মরা মাছ দেখতে পান। পরে তাঁদের পরামর্শে রাকিব মোড়ল ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মৎস্য ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর