প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সফর উপলক্ষে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভা এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সফরের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি জানান, স্বল্প সময়ের মধ্যে আয়োজনের প্রস্তুতি নিতে হলেও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সফরে আখচাষিদের জন্য বিশেষ বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজশাহীর দীর্ঘদিনের উন্নয়ন-সংক্রান্ত দাবি ও প্রত্যাশাও তাঁর কাছে তুলে ধরা হবে।
এসব দাবির মধ্যে রয়েছে বীজ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এ ছাড়া রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবিও রয়েছে। শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে এসব প্রস্তাব তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।
ভূমিমন্ত্রী তারেক রহমানের সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তাঁর এ আগমন রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে, সোমবার ঐতিহাসিক মাদরাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ রয়েছে। নগরীর চলমান উন্নয়নকাজের পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোও সফরের মধ্য দিয়ে গতি পাবে বলে আশা করছেন তাঁরা।
মাহফুজুর রহমান রিটন আরও বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরে কোনো সরকারপ্রধানের রাজশাহী সফরকে তাঁরা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন। এ সফরের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ মাদরাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন। একই দিন মাঠের প্রস্তুতি ও কার্যক্রমের অগ্রগতি দেখতে যান রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, আরএমপি কমিশনার ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।