কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে বোমাসদৃশ একটি বস্তু ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে নিরাপদ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ব্যাগটি তল্লাশি করে বোমাসদৃশ বস্তু ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেন। ঘটনার পর আখড়াবাড়িতে সাধু, ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা আখড়াবাড়ির আঙিনায় বোমাসদৃশ বস্তুটি রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপদ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। লালন স্মরণোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।