লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এসব কথা জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট একটি আন্তর্জাতিক স্থলবন্দর হওয়ায় এটি চালু করতে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি প্রয়োজন। বন্দরের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারসহ বাংলাদেশের পক্ষের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা সম্ভব বলেও জানান তিনি। তবে এ ক্ষেত্রে ভারতের আগ্রহ এবং দ্রুত সমঝোতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, লালমনিরহাটসহ এ অঞ্চলে দরিদ্র ও কর্মহীন মানুষের সংখ্যা বেশি। বন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতিতে গতি আসার পাশাপাশি কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে। দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম সম্প্রসারিত হলে উভয় দেশের অর্থনীতিই উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে তার মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে। বন্দর পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
তিনি বলেন, ভারত সরকারের সম্মতি ছাড়া একতরফাভাবে আন্তর্জাতিক স্থলবন্দরটি চালু করা সম্ভব নয়। তাই প্রথমে ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে হবে। অতীতে মোগলহাট স্থলবন্দর চালু থাকায় ভারতও এ বিষয়ে অবগত রয়েছে। দুই দেশের সমঝোতার ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই বন্দরটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।