শিরোনাম

সৈয়দপুরে যুবলীগ নেতার দখলে থাকা রেল কোয়ার্টার থেকে ট্রান্সফরমার উদ্ধার

সৈয়দপুরে যুবলীগ নেতার দখলে থাকা রেল কোয়ার্টার থেকে ট্রান্সফরমার উদ্ধার
ছবি:প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়ায় একটি রেলওয়ে কোয়ার্টারে অভিযান চালিয়ে ট্রান্সফরমার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে কোয়ার্টারটিতে তল্লাশি চালিয়ে ট্রান্সফরমারটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিপাড়ার ওই রেলওয়ে কোয়ার্টারটি সাজু খান ও সৈয়দপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক দিলনেওয়াজ খানের দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। সেখানেই ট্রান্সফরমারটি রাখা হয়েছিল বলে অভিযোগকারীর দাবি।

পুলিশ সূত্র জানায়, পারভেজ আলমের মৃত্যুর পর তার মালিকানাধীন ‘কাঠি কোম্পানি’র ব্যবসা অংশীদারদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়। পরে কোম্পানির দেখভালের দায়িত্বে থাকা পারভেজ আলমের স্ত্রী শাহীন পারভেজ ব্যবসায় মন্দাভাব দেখা দেওয়ায় কোম্পানির একটি ট্রান্সফরমার বিক্রি করেন বলে জানা গেছে।

শাহীন পারভেজের অভিযোগ, বিক্রির পর ওই ট্রান্সফরমারটি কৌশলে নিয়ে এসে সৈয়দপুরের একটি রেলওয়ে কোয়ার্টারে রাখা হয়েছে। এ বিষয়ে তিনি সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ ওই কোয়ার্টারে অভিযান চালিয়ে ট্রান্সফরমারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, ‘ট্রান্সফরমারটির মালিকানা নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। উভয় পক্ষের সঙ্গে বসে কাগজপত্র যাচাই করা হবে। কাগজপত্র যার সঠিক থাকবে, যাচাই শেষে ট্রান্সফরমারটি তার কাছে হস্তান্তর করা হবে।’

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর