শিরোনাম

সৈয়দপুরে পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবা ও মদসহ তিনজন আটক

সৈয়দপুরে পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবা ও মদসহ তিনজন আটক

নীলফামারীর সৈয়দপুরে পৃথক অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ এক দম্পতি এবং মদসহ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরের নেতৃত্বে সৈয়দপুর থানার একটি দল উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত এলাকায় অভিযান চালায়। এ সময় মো. শামীম (৩১) ও তার স্ত্রী মোছা. আদরি আক্তারকে (২৭) তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শামীম উপজেলার কিসামত এলাকার মো. মোজাম্মেলের ছেলে। পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী দুজনই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এদিকে একই রাতে শহরের কাজীপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে কেরু অ্যান্ড কোম্পানির একটি মদের বোতল এবং ১৫টি খালি বোতলসহ আতাউর রহমান কালু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেও মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক দম্পতি এবং মদসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর