শিরোনাম

জলদস্যু নির্মূলের দাবিতে এবার সুন্দরবনে নৌ-অবরোধ কর্মসূচি

জলদস্যু নির্মূলের দাবিতে এবার সুন্দরবনে নৌ-অবরোধ কর্মসূচি

সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বন্ধ ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এবার নদীপথে নৌ-অবরোধ কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরার উপকূলীয় এলাকার জেলে ও বাওয়ালিরা। সুন্দরবনে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ খোলপেটুয়া নদীতে নৌকা নিয়ে অবস্থান করে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

সোমবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার জেলে, বাওয়ালি ও অন্যান্য বনজীবী অংশ নেন।

জলদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন বলেন, সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে জীবিকা নির্বাহের দাবিতে বাধ্য হয়েই তাঁরা এ কর্মসূচি পালন করছেন।

জলদস্যু নির্মূলের দাবিতে এর আগে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে জেলে-বাওয়ালিদের অভিযোগ, এসব কর্মসূচির পরও সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি। এতে তাঁদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

নৌ-অবরোধ কর্মসূচি থেকে সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের উদ্ধার, দস্যুদের আস্তানা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ এবং মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বনজীবীরা বলেন, জলদস্যুদের ভয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ রাখতে হলে উপকূলের হাজারো জেলে পরিবারের জীবিকা সংকটে পড়বে। তাই শুধু আশ্বাস নয়, জলদস্যু নির্মূলে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তাঁরা।

জেলে বাবলুর রহমান ও সাইফুল ইসলাম বলেন, সুন্দরবন তাঁদের জীবিকার অন্যতম প্রধান উৎস। নিরাপদে বনে প্রবেশ ও জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় গত দুই দিনে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ১১ জেলে-বাওয়ালিকে দ্রুত উদ্ধারের দাবিও জানান তাঁরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর