শিরোনাম

রংপুর রেঞ্জে এক মাসে ৪,০২৫ ট্রাফিক মামলা, জরিমানা ১ কোটি ২৭ লাখ

রংপুর রেঞ্জে এক মাসে ৪,০২৫ ট্রাফিক মামলা, জরিমানা ১ কোটি ২৭ লাখ

সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক আইন বাস্তবায়নে রংপুর রেঞ্জে গত আগস্ট মাসে ৪ হাজার ২৫টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় মোট ১ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৪২৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী ৪৯৭টি মামলায় ৬৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় জানানো হয়, ট্রাফিক আইনভঙ্গসহ বিভিন্ন অপরাধে গত আগস্টে রংপুর বিভাগের আট জেলায় ৭২০টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে ৪টি বাস, ১৯টি ট্রাক, ৪টি মাইক্রোবাস ও ৬৯৩টি মোটরসাইকেল রয়েছে।

এ ছাড়া আট জেলায় আগস্ট মাসে মোট ১ হাজার ৯২৬টি মামলা হয়েছে। এর মধ্যে চুরির মামলা রয়েছে ১০৫টি।

মাদকবিরোধী অভিযানে ওই মাসে ২২২ দশমিক ৫ কেজি গাঁজা, ১২১ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৫১৪ পিস ইয়াবা ও ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

সভায় মাদকের উৎস, সরবরাহকারী, বিক্রেতা ও সংশ্লিষ্টদের শনাক্ত করে অভিযান আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সার সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, বিভাগের কোথাও অবৈধভাবে সার মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্য কারসাজি কিংবা অবৈধভাবে সার কেনাবেচার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি জেলা পুলিশ সুপারদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকির নির্দেশ দেন। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারদের মাঠপর্যায়ে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

সভায় রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আগস্ট মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেনকে পুরস্কার ও স্বীকৃতি স্মারক দেওয়া হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর