শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ঢাকায় আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার সামনে গিয়ে অবস্থান নেয়।
এ সময় পরীক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং ঢাকায় আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের দাবি জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। এছাড়া অভিন্ন প্রশ্নপত্রের ঘোষণার সঙ্গে বাস্তবতার অসঙ্গতি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, মঙ্গলবার ঢাকায় অবস্থান কর্মসূচি পালনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া প্রশ্নপত্রের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করে পরীক্ষার্থীরা বলেন, চলতি বছরের বহুনির্বাচনী প্রশ্ন অতীতের তুলনায় অধিক কঠিন হওয়ায় তারা প্রত্যাশিতভাবে উত্তর দিতে পারেননি।