শিরোনাম

কালীগঞ্জে অসচ্ছল ব্যক্তিকে ঘর ও ছাগল দিল জামায়াত

কালীগঞ্জে অসচ্ছল ব্যক্তিকে ঘর ও ছাগল দিল জামায়াত

গাজীপুরের কালীগঞ্জে এক অসচ্ছল ও কর্মক্ষমতাহীন ব্যক্তিকে বসবাসের উপযোগী ঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে একটি ছাগল উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে এসব উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রু হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, বালীগাঁও এলাকার বাসিন্দা মো. হানিফার আগের ঘরটি বসবাসের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টিতেই টিনের চাল দিয়ে পানি পড়ত এবং ঘরের মেঝে পানিতে তলিয়ে যেত। এ অবস্থায় তার জন্য নতুন একটি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়। পাশাপাশি কাজ করতে অক্ষম হওয়ায় সম্ভাব্য আয়ের উৎস তৈরির লক্ষ্যে তাকে একটি ছাগল দেওয়া হয়। ঘর নির্মাণ ও ছাগল উপহার দিতে মোট প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান, নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে খায়রু হাসান বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ করা সরকারের দায়িত্ব। তবে সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি দুর্নীতির সমালোচনা করে বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি মানবকল্যাণে কাজ করবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর