সাতক্ষীরা কারাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে যাওয়া দুই বন্দিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটী ও কাছারী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মোজাম গাজী (৪৯) ও রফিকুল ইসলাম গাজী (৩৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীফলকাটী এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ গাজীর ছেলে। একই রাতে সাড়ে ১০টার দিকে কাছারী ব্রিজ এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি নওয়াবেকী গ্রামের আবের গাজীর ছেলে।
শ্যামনগর থানা সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে পালানোর পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারে ভাঙচুরের ঘটনায় একাধিক বন্দি পালিয়ে যায়। এরপর থেকে পলাতক বন্দিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই বন্দির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।