কক্সবাজারের টেকনাফে নৌকার সঙ্গে বস্তা বেঁধে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় প্রায় ১৪ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় নৌকার সঙ্গে বস্তা বেঁধে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ জেলেপাড়ার গোপাল দাশের ছেলে জয়ঘর দাস এবং হ্নীলা এলাকার শফিকের ছেলে মোহাম্মদ হোছাইন।
বিজিবি অধিনায়ক জানান, রাতের বেলায় পাচারে সুবিধা করতে না পেরে চোরাকারবারিরা জেলের ছদ্মবেশে দিনের বেলায় ইয়াবা পাচারের চেষ্টা করছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। বিজিবির তৎপরতায় তাদের এই কৌশলও শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল বাড়িয়ে সীমান্ত এলাকায় পেশাদারিত্বের সঙ্গে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে অভিযান আরও জোরদার করা হবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।