রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও জলকামান মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সেখানে এসে যোগ দেন। এ সময় পাশের আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার প্রায় ৬০ জন পুলিশ সদস্য সায়েন্সল্যাব মোড় ও আশপাশের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেখানে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব ও আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। বাইরে থেকে কেউ যাতে উসকানি বা ঢিল ছুড়তে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।