শিরোনাম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’ সমাপ্ত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’ সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান বুধবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর, এসইউপি (বার), এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল। তিনি অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নের স্বীকৃতিস্বরূপ সনদ ও স্মারক ইনসিগনিয়া বিতরণ করেন।

গত ১৯ জুলাই শুরু হওয়া এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের সদস্যরা অংশ নেন। এতে যুক্তরাষ্ট্রের ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞসহ ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন।

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়। পাশাপাশি কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রস্তুতি শক্তিশালী করাও ছিল এ অনুশীলনের অন্যতম উদ্দেশ্য।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর, সিলেট অঞ্চলসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর মতে, এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর