২০২৬ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিকউর রহমান। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
সুদীপ্ত ও মুশফিকউর দুজনই সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত চার বছর ধরে তাঁরা উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন। বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার বিরুদ্ধে গ্রামপর্যায়ে এবং অনলাইনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তাঁরা।
তাঁদের উদ্যোগে একাধিক বাল্যবিয়ে প্রতিরোধ হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি শিশুদের শিক্ষা ও নিরাপত্তা বিষয়ে পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছেন তাঁরা।
ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, ডিজিটাল ক্যাম্পেইন ও মাঠপর্যায়ের কর্মশালার মাধ্যমে শিশু অধিকার, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরছেন এই দুই তরুণ।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকার ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশু অধিকারকর্মীদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সুদীপ্ত দেবনাথ বলেন, শিশুদের নিয়ে কাজ করতে তাঁর ভালো লাগে। এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও কাজ করতে উৎসাহিত করবে।
মুশফিকউর রহমান বলেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে তিনি আনন্দিত ও উচ্ছ্বসিত। এ মনোনয়ন শিশুদের অধিকার নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা জোগাবে।