শিরোনাম

টেকনাফে বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুট, ছুরিকাঘাতে এসআর আহত

টেকনাফে বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুট, ছুরিকাঘাতে এসআর আহত

কক্সবাজারের টেকনাফে মহাসড়কে গাছ ফেলে পালকি পরিবহনের একটি বাসের গতিরোধ করে বিকাশের দুই সেলস রিপ্রেজেন্টেটিভের (এসআর) কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করেছে অস্ত্রধারী ডাকাত দল। হামলায় বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন এক এসআর। ঘটনার পর পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান শুরু করেছে।

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত বিকাশ প্রতিনিধি মো. আল আরমান (২৬) টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশের তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভ পালকি পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাসস্টেশন থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে দমদমিয়া বিওপি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ১৪ নম্বর ব্রিজ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল সড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে।

এরপর ডাকাতরা বাসে উঠে বিকাশের দুই প্রতিনিধির কাছ থেকে নগদ ৫৭ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে আল আরমানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তার ডান হাতের ওপরের অংশে জখম হয়। আতঙ্ক সৃষ্টি করতে ডাকাতরা দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিকাশের এজেন্ট মালিক আবদুর করিম জানান, হামলাকারীরা দ্রুত টাকা নিয়ে সড়কের পূর্ব পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে আহত আল আরমানকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর বাসটি দমদমিয়া চেকপোস্টে পৌঁছালে বিষয়টি বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

টেকনাফ মডেল থানার তদন্ত কর্মকর্তা জানান, মহাসড়কে গাছ ফেলে বাস থামিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান ও তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর