চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়কসহ প্রায় ১৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ৩২ জন নারী এবং ১১ জন শিশু। শিশুদের মধ্যে সাতজন ছেলে ও চারজন মেয়ে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৭ জন নারী ও নয়জন শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৫৫ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য ছয়জনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, গত রোববার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানান, হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের সহকারী সার্জন মো. ফজর আলী লালও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনিও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া আরও নার্সসহ ১৩ জন স্টাফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ডা. মাহবুব হাসান আরও বলেন, হাসপাতালটিতে চিকিৎসক সংকট রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় তিনজন চিকিৎসককে জেলা হাসপাতালে সংযুক্ত করে পদায়ন করা হয়েছে।