বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পানি প্রবাহ সচল করতে দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর অব্যয়িত অর্থ ও ভ্যাট-আয়কর বাবদ মোট প্রায় ৫৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৪ কিলোমিটার খাল পুনঃখননের জন্য মোট ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ৪২ লাখ ৪০ হাজার টাকা এবং ভ্যাট-আয়কর বাবদ ১৫ লাখ ৫৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহসান উল্লাহ জানান, বলইবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং খাউলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি প্রকল্পের আওতায় খাল পুনঃখননের পাশাপাশি ৬টি কাঠের সেতু নির্মাণ এবং ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। প্রকল্প দুটিতে মোট ৪৩৮ জন শ্রমিক কাজ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, পরিবেশ, প্রকৃতি ও দেশীয় মাছের আবাসস্থল রক্ষার লক্ষ্য নিয়ে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প সম্পন্ন হওয়ায় বরাদ্দের পুরো অর্থ ব্যয় হয়নি। ফলে অব্যয়িত অর্থ বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং প্রকল্পে অংশ নেওয়া শ্রমিকরা প্রকল্পের কাজের মান ও স্বচ্ছ ব্যয় ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ জনস্বার্থ রক্ষার পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহারেরও একটি ইতিবাচক দৃষ্টান্ত।