ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মচারী নিয়োগ বাছাই কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইস্রাফিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে সহকারী প্রকৌশলী (সিভিল), পরিকল্পনা ও উন্নয়ন (গ্রেড-৯), প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-১০) এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব লিখিত পরীক্ষার ফলাফল প্রস্তুত এবং মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন। এ কারণে শুক্রবার (২ অক্টোবর) ও শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মৌখিক পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
স্থগিত মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।