শিরোনাম

বোদায় প্রবীণদের সুস্থতায় ‘গুড মর্নিং’ কর্মসূচির উদ্বোধন প্রতিমন্ত্রীর

বোদায় প্রবীণদের সুস্থতায় ‘গুড মর্নিং’ কর্মসূচির উদ্বোধন প্রতিমন্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি: প্রবীণ ব্যক্তিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে পঞ্চগড়ের বোদা পৌরসভায় ‘গুড মর্নিং’ নামে নিয়মিত শরীরচর্চা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘গুড মর্নিং বোদা অ্যাসোসিয়েশন’ এ উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ এমপি।

উদ্যোক্তারা জানান, বোদা পৌর এলাকার প্রবীণ ব্যক্তিদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে প্রতিদিন ভোরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ের ওয়াকওয়েতে শরীরচর্চা ও বিভিন্ন ধরনের ব্যায়ামের ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত শরীরচর্চার সুযোগ বাড়িয়ে প্রবীণদের সুস্থ জীবনযাপনে সহায়তা করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

‘গুড মর্নিং বোদা অ্যাসোসিয়েশন’-এর উদ্যোক্তা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, নিয়মিত শরীরচর্চার মাধ্যমে বোদা পৌর এলাকার প্রবীণ ব্যক্তিরা যাতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রবীণদের অনেকেই নানা রোগে ভোগেন। নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। প্রবীণদের সুস্থতার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বোদা পৌরসভার প্রবীণ ব্যক্তিদের জন্য প্রতি সপ্তাহে তাঁর নিজ উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে প্রবীণদের সঙ্গে শরীরচর্চা ও ব্যায়ামে অংশ নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজেও ব্যায়াম ও শরীরচর্চায় অংশ নেন এবং উপস্থিত প্রবীণ ব্যক্তিদের বিভিন্ন ব্যায়াম করে দেখান। কর্মসূচির উদ্বোধনী আয়োজনে বোদা পৌর এলাকার কয়েক শ প্রবীণ নারী-পুরুষ অংশ নেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর