সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ও পরিচয় ব্যবহার করে ভুল, বিকৃত ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বাসিন্দা মো. শহিদুল ইসলাম। তিনি এসব প্রচারণাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাগুড়াপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালাচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতি হচ্ছে বলে দাবি করেন তিনি।
ঘটনার ব্যাখ্যা দিয়ে শহিদুল ইসলাম বলেন, যে নারীকে কেন্দ্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, তিনি তাঁর নাতনী। জন্মনিবন্ধন সংক্রান্ত কাজে তাঁর কাছে এসেছিলেন ওই নারী। এ সময় স্থানীয় কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তি তাঁকে জোর করে ফাঁসানোর চেষ্টা করেন এবং তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।
শহিদুল ইসলামের দাবি, টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁকে হেনস্তা করা হয় এবং তাঁর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে, ওই নারীও ঘটনার বিষয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন। তাঁর দাবি, স্বামীর জন্মনিবন্ধন সংক্রান্ত কাজ করতে তিনি তাঁর নানার পরামর্শ নিতে গিয়েছিলেন। সেখানে তাঁরা ‘মব’-এর শিকার হন এবং টাকা না দেওয়ায় তাঁদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শহিদুল ইসলাম ও ওই নারী।