কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে টেকনাফ থানার শাহপরী এলাকার নাফ নদীতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচর এলাকায় বোট রেখে পালিয়ে যায়।
পরে বোটটি তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দ করা ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।