দুর্যোগের ঝুঁকি কমানো এবং প্রাণহানি রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মহড়া পরিচালনা করে দৌলতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মহড়ায় ভূমিকম্পের সময় নিরাপদে থাকার কৌশল, অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রম, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা এবং আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি বাস্তবভাবে প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের এসব কার্যক্রম দেখতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন।
মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, প্রশিক্ষণ এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, সিনিয়র শিক্ষক মো. মফিজুর ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ নোমানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।