শিরোনাম

প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপ পরিদর্শন

প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপ পরিদর্শন
ছবি প্রতিনিধি

 প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফর নির্বিঘ্ন করতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নগরীর ধর্মসভা ও কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেছেন প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতারা।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক ইশরাত জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরবাসীর স্বাভাবিক চলাচল যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে রুটম্যাপ তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরীর সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর